
সংবাদের আলো ডেস্ক: ঠাকুরগাঁওয়ের নির্বাচন দেশের নির্বাচন ব্যবস্থায় পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, অতীতে দিনের ভোট রাতে হওয়া, ডামি নির্বাচন কিংবা ভোটের আগের রাতেই ফলাফল নির্ধারণের মতো পরিস্থিতি আর থাকবে না। নির্বাচন ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রেও তা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশের পরিবর্তনের আকাঙ্ক্ষায় তরুণ, যুবক, কৃষক ও শিক্ষার্থীরা জীবন দিয়েছেন। বারবার বাংলাদেশ পথ হারিয়েছে। সেখান থেকে দেশকে উদ্ধার করতে হলে পুরোনো ব্যবস্থায় চললে হবে না, পরিবর্তন আনতে হবে। একটি গণতান্ত্রিক সরকারব্যবস্থা দীর্ঘমেয়াদে কার্যকর থাকলে দেশের অনেক উন্নয়ন সম্ভব হবে।
তিনি আরও বলেন, আমাদের সরকার আগের গতানুগতিক ধারায় পরিচালিত হচ্ছে না। হয়তো কিছুটা সময় লাগছে, তবে সরকারের আন্তরিকতা রয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব, তা বাস্তবায়নে আমরা সবাই কাজ করছি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.