
সোহেল রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল চর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ পোটলা হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ রজব আলী নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (৪ নভেম্বর) সাবেক ছাত্রনেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী এম এ কাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন হাজী আব্দুল মান্নান ফকির, এনায়েতপুর থানা বিএনপির নেতা শরিফুল ইসলাম শরীফ, যুবদল নেতা সারোয়ার হোসেন ও মিজানুর রহমান, দৌলতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শিমরুল হাকিমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এম এ কাশেম বলেন, মাদক সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ বিষয়ে এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বলেন, আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.