
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুরে শতবর্ষী সরকারি রাস্তা বন্ধ করে গেট নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (৪ নভেম্বর) সকালে কায়েমপুর মাস্টার আজগর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নিয়ে দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ না করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন কায়েমপুর গ্রামের মাওলানা রফিকুল ইসলাম, কাজল শেখ, নজরুল ইসলাম, হাফিজা বেগম ও বিলকিস খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা অভিযোগ করেন, প্রায় একশ বছর ধরে কায়েমপুর মাস্টার আজগর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে পূর্বদিকে বিস্তৃত একটি রাস্তা স্থানীয় জনসাধারণ চলাচলের জন্য ব্যবহার করে আসছেন। এ রাস্তা দিয়ে শতাধিক পরিবারের সহস্রাধিক মানুষ প্রতিদিন যাতায়াত করেন। পাশাপাশি কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল পরিবহনেও রাস্তাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তাঁদের অভিযোগ, নিরাপত্তার কারণ দেখিয়ে দীর্ঘদিনের জনসাধারণের ব্যবহৃত রাস্তাটি বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের সামনের অংশে রাস্তার পশ্চিম পাশে গেট নির্মাণ করা হলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানানোর পর খেলার মাঠে দেয়াল ও গেট নির্মাণের কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানান এলাকাবাসী।
মানববন্ধনে মাওলানা রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের বর্তমান ভবনটি খাসজমির ওপর অবস্থিত এবং জনসাধারণের চলাচলের রাস্তাটিও খাসজমির অন্তর্ভুক্ত। প্রায় একশ বছর ধরে এলাকার মানুষ এ রাস্তা ব্যবহার করে আসছেন। বিদ্যালয়ের জমির মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সত্ত্বেও জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্যদিকে, এ বিষয়ে কায়েমপুর মাস্টার আজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা পারভীন বলেন, জায়গাটি বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি। বিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে সেখানে গেট নির্মাণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের জন্য বিকল্প রাস্তা রয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.