
সংবাদের আলো ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন জীবিত আছেন, ততদিন পর্যন্ত দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত অব্যাহত থাকতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, এ ধরণের প্রতিটি চেষ্টা সরকার অত্যন্ত দৃঢ়তার সাথে প্রতিহত করবে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতিবিষয়ক প্রেস ব্রিফিং এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, পাসপোর্টের নিষেধাজ্ঞার বিষয়টি এখানে বড় কোনো প্রশ্ন নয়। ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং এক্ষেত্রে প্রয়োজনীয় সব প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা অনুসরণ করা হবে।
শেখ হাসিনার দেশে ফেরা কিংবা ট্রাভেল পাস পাওয়ার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “তিনি নিজে আসুন অথবা তাকে আমরা ধরে নিয়ে আসি আমাদের চাওয়া তো একই। যদি এটার সঙ্গে মিলে যায়, সরকার সে অনুযায়ী যে কোনো পদক্ষেপ নিতে পারে।
শেখ হাসিনা মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি হলেও এখনও বাংলাদেশের নাগরিক উল্লেখ করে তিনি আরও বলেন, “তিনি আসার যোগ্য। তিনি যদি আসার সিদ্ধান্ত নেন বা আমাদের যদি তাকে ধরে আনার প্রক্রিয়া করতে হয়, সেটি পাসপোর্টের প্রশ্ন নয়।”
বিরোধী দলকে উদ্দেশ্যহীন দোষারোপের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, “জনগণের কাছে আমরা যদি কোনো মিথ্যা কথা বলি, এটার কনসিকোয়েন্স আমাদের নিতে হবে। সেই কারণে আমি বলছি, আমরা যে কথাটা বলছি, সেটার ভিত্তি আছে বলেই বলছি। এটা হাসিনার মতো বিরোধী দলকে শুধু দোষারোপ করার জন্য নয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.