
সোহেল রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল চরে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে অভিযান চালিয়েছেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর রহমান মন্জু শিকদার, চেয়ারম্যান পদপ্রার্থী এম এ কাশেম এবং শ্রমিক নেতা সেলিম রেজা।
সোমবার (২ নভেম্বর) স্থানীয় এলাকায় পরিচালিত এ অভিযানে নুর ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ওঠে। এ সময় তাঁকে মারধর করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে ও তাঁর স্ত্রীকে মাদক থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানকালে মনজুর রহমান মন্জু শিকদার ও এম এ কাশেম মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, “মাদক ছাড়তে হবে, অন্যথায় গ্রাম ছাড়তে হবে।” তাঁরা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের নেতা ফরহাদ হোসেন, খামারগ্রাম ওয়ার্ড বিএনপির নেতা শাহ আলম, বেতিল বিএনপির নেতা জামাত আলী এবং যুবনেতা মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয়দের মতে, মাদক যুবসমাজের ভবিষ্যৎ ও সামাজিক পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি মাদকসংক্রান্ত অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার দাবি জানিয়েছেন সচেতন মহল।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.