
সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্র নতুন কোনো হামলা চালালে আগের চেয়েও আরও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের ভাষ্য, নতুন করে যুদ্ধ শুরু হলে সংঘাত শুধু পশ্চিম এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ছড়িয়ে পড়তে পারে আরও বিস্তৃত অঞ্চলে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র কোনো সামরিক অভিযান চালালে আগের তুলনায় আরও কঠোর ও ব্যাপক হামলার মুখে পড়বে। নতুন করে যুদ্ধ শুরু হলে সংঘাতের ভৌগোলিক পরিসর পশ্চিম এশিয়ায় সীমাবদ্ধ থাকবে না বলেও সতর্ক করেন তিনি।
তিনি বলেন, শত্রুপক্ষের সব ধরনের স্থাপনা ও সম্পদকে লক্ষ্যবস্তু করতে ইরানের সশস্ত্র বাহিনী তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করছে।
আকরামিনিয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন করে সংঘাত শুরু হলে ইরানের হামলার আওতায় আসতে পারে যুক্তরাষ্ট্রের স্থাপনা, সামরিক সরঞ্জাম, সেনাসদস্য ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা। এসব লক্ষ্যবস্তু ইরানের হামলার আওতার মধ্যে বিশ্বের যেখানেই থাকুক না কেন, সেগুলোতে আঘাত হানা হতে পারে।
এদিকে ইরানের পশ্চিম সীমান্ত দিয়ে স্থলভাগে নতুন যুদ্ধফ্রন্ট তৈরির চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করেছেন এই সামরিক মুখপাত্র। তার অভিযোগ, ইরানের পশ্চিম সীমান্তসংলগ্ন উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে অবস্থানরত সরকারবিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও সরঞ্জাম দিয়ে সহায়তা করছিল শত্রুপক্ষ। এসব গোষ্ঠীকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর পরিকল্পনা ছিল।
তবে ইরানের সামরিক ইউনিট মোতায়েন এবং ওই গোষ্ঠীগুলোর অবস্থানে আগাম অভিযান চালানোর মাধ্যমে সেই পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করেন আকরামিনিয়া।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.