
পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর পাড়ের জমি থেকে মাটি কাটার ঘটনায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে দোষ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাঁকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম। জরিমানাপ্রাপ্ত দুলাল মিয়া (৩৮) উপজেলার মূলগাঁও এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম শুক্কুর আলী।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মূলগাঁও এলাকায় দীর্ঘদিন ধরে গভীর রাতে শীতলক্ষ্যা নদীর পাড়ের জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছিল। এ কাজে ব্যবহার করা হতো দীর্ঘ হাতবিশিষ্ট লং-বুম এক্সকাভেটর। পরে ড্রাম ট্রাকে করে প্রাণ-আরএফএল কোম্পানির প্রধান ফটকের (৩ নম্বর গেট) ভেতর দিয়ে মাটি সরিয়ে নেওয়া হতো। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ কর্মকাণ্ডের নেতৃত্বে ছিলেন দুলাল মিয়া।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত ৯টা থেকে ভোর ৩টা পর্যন্ত মাটি কাটা ও পরিবহনের কাজ চলত। প্রতি রাতে ৩০ থেকে ৩৫ ট্রাক মাটি সরানো হতো। প্রতিটি ট্রাকের মাটি ৬ থেকে ৭ হাজার টাকায় বিক্রি করা হতো বলে দাবি স্থানীয়দের। সে হিসাবে প্রতি রাতে আনুমানিক ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ ৪৫ হাজার টাকার মাটি বিক্রি হতো বলে তাঁদের ধারণা।
সম্প্রতি মাটি কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে প্রশাসনের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় প্রশাসনের লোকজনকে দেখে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। এরপর ওই এলাকায় মাটি কাটার কার্যক্রম বন্ধ হয়ে যায়।
পরবর্তী সময়ে ঘটনাটির সঙ্গে জড়িত থাকার সূত্র ধরে দুলাল মিয়াকে শনাক্ত করে উপজেলা প্রশাসন। সোমবার তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করেন। পরে সংশ্লিষ্ট আইনে তাঁকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
শীতলক্ষ্যা নদীর পাড়ের জমি থেকে অবৈধভাবে মাটি কাটার এ ঘটনা নদীতীরের সুরক্ষা এবং মাটি উত্তোলন নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারির গুরুত্ব নতুন করে সামনে এনেছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.