
খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ট্রেনটি তখন জামতৈল রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছিল। ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের এক নারী যাত্রীর ব্যাগ টান দিয়ে নিয়ে পালিয়ে যান এক ব্যক্তি। ব্যাগে ছিল একটি স্মার্টফোন, নগদ পাঁচ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র। সব মিলিয়ে খোয়া যায় প্রায় ২২ হাজার ৩০০ টাকার মালামাল।
গত ১৭ অক্টোবর দিবাগত রাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের একটি ভিডিও গণমাধ্যমের ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পরে মামলা হয়েছে। ছিনতাইয়ে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার কথা জানিয়েছে রেলওয়ে পুলিশ। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রেলওয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী স্বর্ণা আক্তার (২৬) টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুরে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলেন। জামতৈল স্টেশনে ট্রেনটি পৌঁছানোর পর ছাড়তে শুরু করলে এক ব্যক্তি তাঁর ব্যাগ টান দিয়ে নিয়ে পালিয়ে যান। ব্যাগে ওয়ালটনের একটি স্মার্টফোন, নগদ পাঁচ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিল। এ ঘটনায় গত ২০ অক্টোবর দুপুরে স্বর্ণা আক্তারের ভাই রাকিবুল হাসান বাদী হয়ে মামলা করেন।
পুলিশ বলছে, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের নজরে আসার পর তদন্ত শুরু হয়। পরে ওই ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁর বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ প্রায় ৯ থেকে ১০টি মামলা রয়েছে বলে পুলিশের দাবি। তবে গ্রেপ্তারের আগে তাঁর নাম প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ।
বৃহস্পতিবার সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন,আমরা ছিনতাইকারীকে শনাক্ত করেছি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে আপাতত তাঁর নাম প্রকাশ করছি না।
জামতৈল রেলওয়ে স্টেশনে চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন স্টেশন ইনচার্জ আবু হান্নান। তাঁর ভাষ্য, স্টেশনে দায়িত্ব পালনকারী কর্মীরাও নিরাপত্তাহীনতায় ভোগেন। জনবল কম থাকায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।
আবু হান্নান বলেন, প্রতি শিফটে তাঁদের চারজন করে কর্মী দায়িত্ব পালন করেন। রাতে দায়িত্ব পালন করতে গিয়ে কর্মীদের চাপের মধ্যে থাকতে হয়। স্টেশনে নিয়মিত রেলওয়ে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা প্রয়োজন।
গত ছয় মাস থেকে এক বছরে স্টেশনটিতে কতটি চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, জানতে চাইলে সুনির্দিষ্ট পরিসংখ্যান দিতে পারেননি স্টেশন ইনচার্জ। তবে তাঁর আনুমানিক হিসাব, এ সময়ে ৫০ থেকে ৬০টির বেশি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকতে পারে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.