
মনিরুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজের ক্রয়কৃত জায়গার ওপর দেওয়া বেড়া ভেঙে ফেলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে আসাদুজ্জামান তোতার বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন পৌর শহরের ঘোষগাতী গ্রামের আলেয়া পারভীন । ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আলেয়া পারভীন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলেয়া পারভীন বলেন , গত বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর ) সন্ধ্যায় কয়েকজন লোকজন নিয়ে এসে তাঁর জায়গার ওপর দেওয়া বেড়া ভেঙে ফেলেন আসাদুজ্জামান তোতা। এ সময় তাঁকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
তিনি দীর্ঘদিন ধরে সন্তানদের নিয়ে ওই জায়গায় বসবাস করছেন। সম্প্রতি সেখানে নতুন বাড়ি নির্মাণের কাজ চলছে। বাড়ি নির্মাণের জন্য রাখা রড, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী চুরির আশঙ্কায় বাড়ির সামনে বেড়া দিয়েছিলেন তিনি।
তাঁর অভিযোগ, ক্রয়কৃত জায়গার পাশে আসাদুজ্জামান তোতার জায়গা রয়েছে। সেই জায়গায় যাতায়াতের জন্য তিনি ভুক্তভোগীর জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করছেন। এতে বাধা দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে এসে বেড়া ভেঙে দেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন।
ভুক্তভোগী আরও বলেন, এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। এ অবস্থায় প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে অভিযুক্ত আসাদুজ্জামান তোতা সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.