
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্ব শত্রুতার জেরে বেলকুচি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলামের মনতলা চরে পুকুরে বিষপ্রয়োগ করে আনুমানিক তিন লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতের যে কোন সময় এ ঘটনা ঘটে। এতে বিপুল পরিমাণ রুই, কাতলা, পাঙ্গাস, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির দেশীয় ও চাষকৃত মাছ ভেসে উঠেছে। এঘটনায় উপজেলা নির্বাহী অফিস, মৎস্য অফিস ও থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি পুকুরে বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মতো সকালে পুকুর পরিচর্যা করতে গিয়ে তিনি দেখেন, পুকুরের সমস্ত মাছ পানির ওপর ভেসে উঠে মরে আছে এবং চারপাশে বিষাক্ত গন্ধ ছড়াচ্ছে।
ক্ষতিগ্রস্ত ইউপি রফিকুল সদস্য জানান, "অনেক কষ্ট ও স্বপ্ন নিয়ে ধার-দেনা করে পুকুরে মাছ চাষ করেছিলাম। দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষপ্রয়োগ করে আমার সবকিছু শেষ করে দিল। এতে আমার আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ভিড় জমায় এবং এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান জানান, আমরা ওই ইউপি সদস্যের পক্ষ থেকে তার আবাদি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.