
শেরপুর প্রতিনিধি: শেরপুরে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ, শেরপুর জেলা শাখার উদ্যোগে সীরাত প্রতিযোগিতা ও কুইজ–২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় শেরপুরের গৌরীপুরে দারুল আমান মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোপান যুব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের শেরপুর জেলা শাখার সভাপতি আতাউল্লাহ আহমেদ রুপন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর থানা বিএনপির সদস্যসচিব সাইফুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর শহর বিএনপির আহ্বায়ক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আমান মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ মাওলানা আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সীরাত প্রতিযোগিতা ও কুইজের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ঘটায়। তরুণ প্রজন্মকে ইতিবাচক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
সীরাত প্রতিযোগিতা ও কুইজে বিজয়ী ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া আরও ২০ জনকে সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথিসহ আটজন অতিথিকে সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়। পাশাপাশি পাঁচজনকে শিক্ষা সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ প্রতিষ্ঠায় সোপান যুব কল্যাণ ফাউন্ডেশন ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহযোগিতা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে মানবিক সমাজ গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.