
খাইরুল ইসলাম (কামারখন্দ) সিরাজগঞ্জ প্রতিনিধি: শরতের শেষভাগেই যেন শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে প্রকৃতি। ভোরের আলো ফোটার আগেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে গ্রামবাংলার বিস্তীর্ণ মাঠ-ঘাট। দূরের গাছপালা কুয়াশার আড়ালে আবছা হয়ে উঠছে। সবুজ ফসলের মাঠে জমে থাকা শিশির আর স্নিগ্ধ কুয়াশায় বদলে গেছে চারপাশের চিত্র।
রোববার (১১ অক্টোবর) ভোরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দশসিকা এলাকায় এমনই মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। সকাল সাড়ে ৫টার দিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ ফসলের মাঠ। সূর্যের দেখা মিললেও কুয়াশার কারণে তার তেজ ছিল অনেকটাই ম্লান।
ভোরের কুয়াশায় কৃষিজমির সবুজ ফসল যেন আরও সতেজ হয়ে উঠেছে। মাঠের পাশ দিয়ে চলাচল করা মানুষের মধ্যেও শীতের আমেজ অনুভূত হচ্ছে। প্রকৃতিতে এখনো পুরোপুরি শীত নামেনি, তবে ভোরের কুয়াশা জানান দিচ্ছে—দরজায় কড়া নাড়ছে শীত।
প্রকৃতিপ্রেমীদের কাছে কুয়াশায় মোড়া এই ভোর যেমন সৌন্দর্যের, তেমনি কৃষকের কাছে এটি নতুন মৌসুমের ব্যস্ততারও ইঙ্গিত। কয়েকদিন পর ভোরের কুয়াশা আরও ঘন হয়ে শীতের প্রকৃত আবহ তৈরি করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.