
সংবাদের আলো ডেস্ক: আগামী বছর ২০২৭ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চের মধ্যেই পদ্মা ব্যারেজের কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, ইতিমধ্যে আমরা সাইট ভিজিট করেছি।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাজধানীর বিজ মিলনায়তনে ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবনা’ শীর্ষক এক সেমিনার শেষে তিনি এ কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বর গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। এর আগেই নতুন চুক্তি করতে বাংলাদেশ ও ভারত কাজ চালিয়ে যাচ্ছে। যৌথ নদী কমিশনের (জিআরসি) মাধ্যমে নিয়মিত বৈঠকও হচ্ছে। এসব আলোচনার ভিত্তিতে আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের আগেই নতুন চুক্তি সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, ১৯৭৭ সালের চুক্তিতে থাকা গ্যারান্টি ক্লজটি নতুন চুক্তিতে ফিরিয়ে আনাই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। অর্থাৎ, শুধু আগের চুক্তি নবায়ন নয়, গ্যারান্টি ক্লজ পুনরায় অন্তর্ভুক্ত করেই নতুন চুক্তি করার চেষ্টা থাকবে।
পানিসম্পদ মন্ত্রী বলেন, পদ্মা-তিস্তার পাড়ে যারা আছেন, আমরা দেশের মানুষ। আমার স্বার্থটাই হলো বড় চাপ, দেশটা হলো বড়। আমার দেশের মানুষের চাপটাই বড় চাপ। সুতরাং, ওই চাপটাকে ধারণ করে, সবার স্বার্থটা রক্ষা করে, আমি যেন আমার দেশের জন্য কিছু করতে পারি, দিতে পারি—সেই দিকে আমরা নজর দেবো।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.