
উজ্জ্বল অধিকারী: তাঁত সমৃদ্ধ সিরাজগঞ্জের বেলকুচিতে রং, সুতা ও কেমিক্যালের মূল্যবৃদ্ধির অজুহাতে তাঁত শ্রমিকদের মজুরি কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে শ্রমিকরা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তাঁত মালিকরা মজুরি কমানোর পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়া এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের তাঁত শ্রমিকেরা।
স্থানীয় তাঁত শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, আগে প্রতি পিস শাড়ি তৈরির জন্য কারখানা মালিকেরা ৩০০ টাকা মজুরি দিতেন, সুতা ও রংয়ের দাম বাড়ার কথা বলে বর্তমানে তা কমিয়ে ২৪০ টাকা করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ, একই পরিমাণ শ্রম দিয়ে কাজ করলেও এখন তাদের আয় অনেক কমে গেছে। একদিকে কারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকা, অন্যদিকে বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
এ বিষয়ে তাঁত কারখানা মালিকদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বিশ্ববাজার ও স্থানীয় বাজারে রং, সুতা এবং প্রয়োজনীয় কেমিক্যালের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় তারা চরম লোকসানের মুখে পড়েছেন। ফলে বাধ্য হয়েই তাদের ব্যয় সংকোচন করতে হচ্ছে। তাদের দাবি, বর্তমানে মন্দা পরিস্থিতিতে ঐতিহ্যবাহী এই তাঁত শিল্পকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.