
সংবাদের আলো ডেস্ক: মেডিকেল অক্সিজেনের নিরাপদ, নির্ভরযোগ্য ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ অক্সিজেন সামিট ২০২৬’। বাংলাদেশ অক্সিজেন নেটওয়ার্ক এবং আইইউবির সেন্টার ফর হেলথ, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পলিসি সায়েন্সেস (চিপস)-এর যৌথ উদ্যোগে ৩ ও ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মেলন আয়োজিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল—‘জার্নি টু অ্যাচিভ, ইকুইটেবল অ্যাকসেস টু মেডিকেল অক্সিজেন’।
সম্মেলনের দ্বিতীয় দিন রবিবার (৪ অক্টোবর) আইইউবির মাল্টিপারপাস হলে একটি উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী সংলাপ অনুষ্ঠিত হয়। আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, সরকার প্রথমবারের মতো অক্সিজেন থেরাপিকে অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, “চলতি অর্থবছরের বাজেটেই আমরা একটি প্রকল্প হাতে নিচ্ছি, যার মাধ্যমে দ্রুততম সময়ে অন্তত ২০টি জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন ব্যবস্থাপনা তৈরি করা হবে। আগামী অর্থবছরে এটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
ডা. মুহিত আরও বলেন, “২০২৬-২০৩০ সালের জন্য সরকার একটি ‘অক্সিজেন রোডম্যাপ’ নিয়ে কাজ করছে। এবারের সামিটে উপস্থাপিত তথ্য-উপাত্ত, গবেষণা ও ঘোষণাপত্র ওই রোডম্যাপ তৈরিতে দারুণভাবে সহায়ক হবে।”
এর আগে শনিবার (৩ অক্টোবর) সম্মেলনের উদ্বোধন করেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চিপসের পরিচালক ডা. এস এম মোয়াজ্জেম হোসেন। সম্মেলনের নানা দিক তুলে ধরেন বাংলাদেশ অক্সিজেন নেটওয়ার্কের আহ্বায়ক আহমেদ এহসানুর রহমান। এছাড়া ইউনিসেফ বাংলাদেশের চিফ অব হেলথ ডা. মালালয় আহমাদজাই অনুষ্ঠানে বক্তব্য দেন।
দুই দিনের এই আয়োজনে বিষয়ভিত্তিক দুটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম দিন ‘মেডিকেল অক্সিজেন নিড, প্রোডাকশন ক্যাপাসিটি অ্যান্ড সাপ্লাই’ শীর্ষক অধিবেশনে সভাপতিত্ব করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর হোসেন। দ্বিতীয় দিন ‘মেডিকেল অক্সিজেন এডুকেশন, রিসার্চ, মেজারমেন্ট অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক অধিবেশনে সভাপতিত্ব করেন চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। এছাড়া প্রথম দিন ‘মিট দ্য অক্সিজেন চ্যাম্পিয়নস’ শীর্ষক একটি বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) সভাপতি অধ্যাপক ডা. সায়েবা আখতার।
এই নীতিনির্ধারণী সংলাপ ও বৈজ্ঞানিক অধিবেশনে রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকী, আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. শামস আল আরেফিনসহ সরকারি কর্মকর্তা, গবেষক, উন্নয়ন সহযোগী এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তারা দেশে মেডিকেল অক্সিজেন ব্যবস্থাকে আরও শক্তিশালী করে এর নিরাপদ ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.