
সংবাদের আলো ডেস্ক: মাদকের বিস্তার রোধ ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেম-ওলামাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান।
তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি ধর্মীয় নেতাদেরও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মসজিদের খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে তরুণ ও যুবসমাজকে এ থেকে দূরে রাখতে তাদের কাজ করতে হবে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিকমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জাতীয়তাবাদী ওলামা দল মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ইমাম ও মুয়াজ্জিনসহ প্রায় ৮০০ আলেম-ওলামা নিয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মাদকের প্রভাব ও বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই ছিল সভার মূল লক্ষ্য।
মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে না, এর প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজে। একই সঙ্গে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় ধরনের হুমকি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘একটি এলাকার মানুষের সঙ্গে ইমাম-মুয়াজ্জিনদের নিয়মিত যোগাযোগ থাকে। ফলে ধর্মীয় বক্তব্য ও সামাজিক সচেতনতার মাধ্যমে তারা পরিবার ও তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।’
সভায় মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি সামাজিক উন্নয়ন, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপির নেতা, জাতীয়তাবাদী ওলামা দল এবং ইমাম-মুয়াজ্জিন সমিতির নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিপুলসংখ্যক ইমাম, মুয়াজ্জিন ও আলেম-ওলামা সভায় অংশ নেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.