
সংবাদের আলো ডেস্ক: দুর্নীতির অভিযোগ রয়েছে এমন কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে অভ্যন্তরীণ কমিটি গঠন, একই ব্যক্তির বারবার বিদেশ সফর নিরুৎসাহিত করা, সরকারি অফিসে সোলার প্যানেল স্থাপন এবং ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক করাসহ সচিবদের জন্য ২৩টি নির্দেশনা দিয়েছে সরকার।
গত ১৫ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সচিব সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত ছিলেন। পরে সিদ্ধান্তগুলো লিখিতভাবে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে পাঠানো হয়।
সভায় সিদ্ধান্ত হয়, একাধিক কর্মস্থলে দুর্নীতির অভিযোগ রয়েছে এমন কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে অভ্যন্তরীণ কমিটি গঠন করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
একই কর্মকর্তা বা কর্মচারীর বারবার বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি দপ্তরগুলোতে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ কার্যালয়ে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন প্রতি দুই মাস অন্তর বিদ্যুৎ বিভাগে পাঠাতে হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
সকল কর্মচারীর সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিত করতে সব সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় হাজিরা মেশিন স্থাপন করতে হবে এবং হাজিরার তথ্য একটি কেন্দ্রীয় ড্যাশবোর্ডে সংযুক্ত করার ব্যবস্থা করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
সরকারি দপ্তর ও কার্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ের অফিসগুলোকে প্রতি ১৫ দিন পরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতে হবে। পরে তা জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।
সরকারি চাকরি সংক্রান্ত বিষয়ে কোনো কর্মচারী নিজের পক্ষে অন্য ব্যক্তির মাধ্যমে তদবির করলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব ঘটনার তথ্য সংরক্ষণের জন্য ডোসিয়ার তৈরির কথাও বলা হয়েছে।
দাপ্তরিক কার্যক্রমে ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়াতে ডি-নথিতে বাস্তবায়নযোগ্য সব কার্যক্রম গোপনীয়তা বজায় রেখে সম্পন্ন করতে এবং প্রাপ্ত চিঠিপত্র ও নথি নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শূন্য পদ দ্রুত পূরণ, অপ্রয়োজনীয় ও বিলুপ্তিযোগ্য পদ বাতিল, সেবা প্রত্যাশীদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা, সাংগঠনিক কাঠামো হালনাগাদ, সরকারি কর্মচারীদের কর্মজীবন পরিকল্পনা প্রণয়ন এবং ক্যাডারভিত্তিক বার্ষিক প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় আন্তঃসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভূমি ও আইনি বিরোধ আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে নিষ্পত্তি এবং এক সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্য প্রতিষ্ঠানের মামলা দায়েরের প্রবণতা পরিহারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সরকারি জমি সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি, অধিগ্রহণ করা জমির নামজারি সম্পন্ন করা, প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিসভায় প্রস্তাব পাঠানোর ক্ষেত্রে নির্ধারিত বিধি অনুসরণ, সরকারি ক্রয় প্রস্তাব সময়মতো জমা দেওয়া এবং অর্থের সংস্থান ছাড়া কোনো ক্রয় প্রস্তাব উপস্থাপন না করার নির্দেশ দেওয়া হয়েছে।
মাঠ পর্যায়ের বিভিন্ন কমিটি পুনর্গঠন, খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসংক্রান্ত সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন এবং সব প্রকল্পের তদারকি জোরদার করার নির্দেশনার মধ্য দিয়ে সভা শেষ হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.