
সংবাদের আলো ডেস্ক: লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সেনাবাহিনীর এক প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) রাতে হিজবুল্লাহর গানম্যানের গুলিতে তার প্রাণ যায় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)
নিহত সেনার নাম ক্যাপ্টেন ডেভিড হাজুত। তিনি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের ১২নং ব্যাটালিয়নের একজন প্লাটুন কমান্ডার ছিলেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, গতকাল রাত ২টার দিকে তাদের সেনাদের একটি দল দক্ষিণ লেবাননের দেইর সিরিয়ানের একটি গ্রামে প্রবেশ করে। ওই সময় তাদের টার্গেট করে হিজবুল্লাহর এক গানম্যান। এতে ক্যাপ্টেন হাজুত প্রাণ হারান। আরেক সেনা সামান্য আহত হন।
আহত ওই সেনাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার পরিবারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।
হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর ওই গানম্যানকে খুঁজে বের করতে অভিযান এবং বিমান হামলা চালায়।
চলতি মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি হয়। এতে লেবাননকেও অন্তর্ভুক্ত করা হয়। প্রথমে ইসরায়েল যুদ্ধবিরতির ধারা মানতে চায়নি। পরে ইরানের হুমকির মুখে ইসরায়েলকে এতে বাধ্য করে যুক্তরাষ্ট্র। তা সত্ত্বেও দক্ষিণ লেবাননে প্রতিদিন হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.