
খালেক পারভেজ লালু, কুড়িগ্রাম প্রতিনিধি: ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ১১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা কুড়িগ্রাম জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কুড়িগ্রামে জেলা পুলিশ কার্যালয়ে পৌঁছালে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের স্বাগত জানান কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। পরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এক পরিচয়পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার কুড়িগ্রাম জেলার সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, জেলা পুলিশের প্রশাসনিক কার্যক্রম এবং জনবান্ধব পুলিশিংয়ের নানা দিক প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সামনে তুলে ধরেন এবং তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আসাদ আহম্মেদ রনি উপস্থিত ছিলেন।
মাঠ সমীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা জেলা পুলিশের মাঠপর্যায়ের কর্মপরিবেশ, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও সরাসরি নাগরিক সেবা প্রদানের বাস্তব অভিজ্ঞতা লাভ করেন। পরিদর্শন শেষে কর্মকর্তারা সমন্বিত প্রচেষ্টা ও পেশাদারিত্বের মাধ্যমে সাধারণ মানুষকে আরও দ্রুত ও কার্যকর সেবা দেওয়ার প্রত্যাশা প্রকাশ করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.