
সংবাদের আলো ডেস্ক: খুব দ্রুতই তথ্য কমিশন গঠন করা হবে, এই সংক্রান্ত প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন ভবনে আয়োজিত ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ এর আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
ডা. জাহেদর উর রহমান বলেন, সঠিক তথ্য নিশ্চিত করতে পারলে গুজব ও অপতথ্য ঠেকানো সম্ভব। তথ্য কমিশন গঠনের মূল লক্ষ্যই হলো জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা। তথ্য পাওয়ার অধিকার যেন কোনোভাবেই বাধাগ্রস্ত বা ক্ষুণ্ন না হয় এবং প্রক্রিয়াটি যাতে স্বচ্ছ ও সঠিক থাকে, কমিশন সে উদ্দেশ্যে কাজ করবে।
অপতথ্য মোকাবেলায় জনসচেতনতার পাশাপাশি কার্যকর আইনি কাঠামোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।
অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গুজবের মাধ্যমে ব্যক্তি, দেশ, জাতি ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে সেটিকে আর স্বাভাবিক ‘তথ্য’ হিসেবে গণ্য না করে ভিন্নভাবে চিহ্নিত করার সময় এসেছে।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছরে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে কীভাবে ক্ষমতা ধরে রাখার চেষ্টা চালানো হয়েছিল, দেশবাসী তা প্রত্যক্ষ করেছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.