
সংবাদের আলো ডেস্ক: রাজধানীর বাংলাবাজারে তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে বিরোধে জাকির হোসেন নামের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে রাতেই হামলাকারীদের গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার চাকু, চাপাতি ও পরিহিত জামাকাপড় উদ্ধার করা হয়।
তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির জেরে এমন নৃশংস হত্যাকাণ্ড বলে জানান তিনি।
ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে অন্যদের ধরতে চলছে পুলিশি অভিযান।
এর আগে, শুক্রবার (২৬ জুন) বাংলাবাজার এলাকায় পবিত্র আশুরা উপলক্ষ্যে আয়োজিত তাজিয়া মিছিল অতিক্রমের সময় জাকির হোসেনকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে বলে জানা যায়।
ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে জাকির কাজ করতেন বলে জানায় পুলিশ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.