
আখতার হোসেন হিরন: সংবাদ সংগ্রহ, মাঠপর্যায়ের ব্যস্ততা আর দায়িত্ব পালনের একঘেয়েমি কাটিয়ে পেশাগত সম্পর্ক ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক শ্যামল বাংলা পত্রিকার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এক দিনের আনন্দ ভ্রমণ।
গতকাল রবিবার সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত পত্রিকাটির প্রধান কার্যালয় থেকে আনন্দ ভ্রমণের যাত্রা শুরু হয়। পরে প্রতিনিধিরা জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা পর্যটনকেন্দ্র লাউচাপড়া অবকাশ কেন্দ্র এবং বাংলাদেশ-ভারত সীমান্তের স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য, পাহাড়-সবুজের মেলবন্ধন আর আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এ ভ্রমণে অংশ নেন দৈনিক শ্যামল বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দিলীপ কুমার গৌরের নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত পত্রিকাটির প্রতিনিধিরা।
আনন্দ ভ্রমণকে ঘিরে সকাল থেকেই প্রতিনিধিদের মধ্যে ছিল উৎসাহ ও প্রাণচাঞ্চল্য। কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছেন, কেউ ছবি তুলে স্মৃতি ধরে রেখেছেন, আবার কেউ সহকর্মীদের সঙ্গে গল্প-আড্ডায় কাটিয়েছেন আনন্দময় সময়। এ আয়োজনের মাধ্যমে পত্রিকার সঙ্গে যুক্ত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর হয়েছে বলে জানান অংশগ্রহণকারীরা।
পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি আলামিন বলেন, “একটি পত্রিকার সফলতার পেছনে সম্পাদক থেকে শুরু করে প্রত্যেক প্রতিনিধির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের আনন্দ আয়োজন আমাদের মধ্যে পারিবারিক বন্ধন তৈরি করে এবং কাজের প্রতি নতুন উৎসাহ যোগায়।”

তিনি আরও বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। প্রতিদিন মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে আমাদের অনেক চাপ ও ব্যস্ততার মধ্যে থাকতে হয়। এমন একটি আনন্দ ভ্রমণ আমাদের মানসিক প্রশান্তি দিয়েছে এবং সহকর্মীদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে। আমি মনে করি, এ ধরনের আয়োজন নিয়মিত হলে সাংবাদিকদের কাজের গতি ও মনোবল আরও বাড়বে।”
আরেক প্রতিনিধি উজ্জ্বল অধিকারী তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, “এটি আমাদের জন্য শুধু একটি ভ্রমণ নয়, বরং একটি পারিবারিক মিলনমেলা। বিভিন্ন জেলার সহকর্মীদের সঙ্গে সরাসরি দেখা-সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ হয়েছে, যা ভবিষ্যতে পেশাগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এমন আয়োজন সত্যিই আমাদের কাজের প্রতি নতুন উদ্দীপনা যোগায়।”
দৈনিক শ্যামল বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার ও রায়গঞ্জ উপজেলা আঞ্চলিক অফিস প্রধান সাইদুল ইসলাম আবির বলেন, “সাংবাদিকরা প্রতিনিয়ত মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার খবর তুলে ধরতে মাঠে কাজ করেন। ব্যস্ততার মাঝে এমন একটি আয়োজন প্রতিনিধিদের মানসিক প্রশান্তি দেয় এবং একে অপরের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করে।”
তিনি আরও বলেন, “একটি সংবাদ প্রতিষ্ঠানের শক্তি হচ্ছে তার টিম। এই টিমকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতেই এ ধরনের আয়োজনের গুরুত্ব অনেক।”
দৈনিক শ্যামল বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দিলীপ কুমার গৌর বলেন, “প্রতিনিধিরাই পত্রিকার মূল চালিকাশক্তি। তাদের শ্রম ও নিষ্ঠার কারণেই একটি সংবাদপত্র পাঠকের কাছে পৌঁছে যায়। প্রতিনিধিদের মাঝে সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক যোগাযোগ বাড়াতে এই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
অংশ নেওয়া প্রতিনিধিদের একাংশ জানান, “সারাবছর সংবাদ সংগ্রহের কাজে ব্যস্ত থাকতে হয়। এই আনন্দ ভ্রমণ আমাদের জন্য ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। সহকর্মীদের সঙ্গে সময় কাটানো, নতুন জায়গা দেখা এবং সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করার সুযোগ হয়েছে।”
দিনব্যাপী আনন্দ ভ্রমণ শেষে অংশগ্রহণকারীরা নতুন উদ্যম ও ভালো লাগার স্মৃতি নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে ফিরে আসেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.