
সংবাদের আলো ডেস্ক: ইরানের ওপর দিয়ে যাওয়া বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের পথ ‘হরমুজ প্রণালি’ এখনই খুলছে না। মার্কিন যুক্তরাষ্ট্র যত দিন না পর্যন্ত তাদের দেওয়া আগের কথা ও শর্তগুলো পুরোপুরি মেনে নিচ্ছে, তত দিন এই সমুদ্রপথ অবরুদ্ধ রাখার কথা সাফ জানিয়ে দিয়েছে ইরান।
রবিবার (২০ সেপ্টেম্বর) দেশটির জাতীয় সংসদে দাঁড়িয়ে কড়া ভাষায় এই ঘোষণা দেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, অন্যান্য দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নিজেদের স্পষ্ট বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে তাদের দাবি না মানা পর্যন্ত এই পথ খোলার আর কোনো সুযোগ নেই।
ইরানি গণমাধ্যম জানায়, স্পিকার গালিবাফ সভায় বলেন যে শত্রু পক্ষ ভালো করেই জানে একতরফা চাল চালবার সময় আর নেই। যতক্ষণ না ইরানের মানুষের নায্য অধিকার মেনে নেওয়া হচ্ছে এবং গত জুনের চুক্তির কথা আমেরিকা রাখছে, ততক্ষণ পর্যন্ত জলপথ চালু করা বা নতুন করে কোনো আলোচনায় বসার পথ পুরোপুরি বন্ধ থাকবে।
মূলত চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে ইরানের ওপর হামলা চালালে এই ঝামেলার সূত্রপাত হয়। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাটিগুলোতে হামলা চালায় এবং তেলের প্রধান পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
মাঝখানে গত জুন মাসে দুই দেশের যুদ্ধ থামানো এবং জলপথটি আবার চালু করার জন্য একটি চুক্তিও হয়েছিল। কিন্তু পরবর্তীতে কীভাবে এই পথ দিয়ে জাহাজ চলাচল করবে এবং নিরাপত্তার দায়িত্ব কার হাতে থাকবে—তা নিয়ে অমিল দেখা দেওয়ায় সেই চুক্তি ভেস্তে যায়। ফলে এই গুরুত্বপূর্ণ সাগরপথটি বন্ধ থাকায় পুরো মধ্যপ্রাচ্যেই আবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.