
সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ১১ দলের গণদাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি। গণভোটের গণরায়কে কার্যকর করা ছাড়া বর্তমান সরকারের বিকল্প কোনো পথ নেই। ফ্যাসিবাদী সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছিল। তারেক জিয়ার সরকারকে গণভোটের রায় কার্যকর করেই ক্ষমতা ছাড়তে হবে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাসের টাঙ্গাইল রোডে লংমার্চের পথসভার বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আধিপত্যবাদী শক্তিগুলো বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। ১১ দল দ্ব্যর্থহীন ভাষাই বলে বাংলাদেশের মানুষের ভাগ্য তারা নিজেরাই নিজেদের হাতে গড়বে। তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের লুকোচুরি আর বরদাস্ত করা হবে না। শহীদ শরীফ ওসমান হাদীসহ দেশপ্রেমিক ইলিয়াস আলী ও যাদেরকে গুম, খুন, হত্যা করা হয়েছে তাদের হত্যার বিচার বাংলার মানুষ আদায় করে ছাড়বে, ইনশাআল্লাহ।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম তার বক্তব্যে বলেন, আমরা সরকারের বিরুদ্ধেও না, কোনো দেশের বিরুদ্ধেও না। বাংলাদেশের জনগণের সমস্যার সমাধান চাই। আমরা মানবতার শাসন চাই, সুশাসন চাই, চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। যেটা বর্তমান সরকার কোনো অবস্থাতেই পারছে না। কারণ বিএনপির সময় যখন বেগম জিয়া ছিল তখন বেগম জিয়ার সরকার হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমানের সরকার হয়েছিল। তারেক রহমানের আমলে কিন্তু হাসিনার সরকার গঠন হয়েছে। সুতরাং হাসিনা সরকারকে দিয়ে বিএনপির কাজ চলবে না। আমরা বারবার ওয়ার্নিং (সতর্ক) দিয়ে যাচ্ছি আমরা সংস্কার চাই।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.