
সংবাদের আলো ডেস্ক: আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে একটি অনুষ্ঠান শেষে ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ঘোষণায় জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের দাঁড়িপাল্লার প্রার্থী হবেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জামায়াতের প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি বা ভিপি সাদিক কায়েম।
মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য। জামায়াতে ইসলামীতে যোগদানের আগে তিনি তাদের ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
অপরদিকে, সাদিক কায়েম চব্বিশের গণঅভ্যুত্থানে সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে ২০২৫ সালের সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন।
এদিকে এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ১১ দলীয় ঐক্য গড়ে উঠেছিল। তবে স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে নয়, প্রত্যেক দল স্ব-স্ব প্রার্থী দিয়ে নির্বাচন করবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.