
সংবাদের আলো ডেস্ক: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নবগঠিত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি সারা দেশে সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শনিবার (১৩ জুন) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। যুবদলের নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির এটি ছিল প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।
মির্জা ফখরুল বলেন, মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। এই কমিটির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নতুন উদ্যমে সারা দেশে আরও সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য ‘বাংলাদেশ সবার আগে বাংলাদেশ’- এই ভিশন বাস্তবায়নে যুবদল অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে।
বিএনপি মহাসচিব বলেন, ‘আজ আমরা যুবদলের পূর্ণাঙ্গ কমিটির নেতাদের নিয়ে আমাদের দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নেওয়া আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে এসেছি। এখানে আমরা দোয়া করেছি, আল্লাহ তাআলা যেন যুবদলের এই কমিটিকে শক্তি, সাহস ও তৌফিক দান করেন, যাতে তারা সারা দেশে যুবদলকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে পারে এবং দেশের কল্যাণে কাজ করতে পারে।
তিনি আরও বলেন, বর্তমান বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো যুবক ও তরুণদের সামনে নিয়ে আসা। কারণ, তারুণ্যের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে। নতুন কমিটির ওপর অর্পিত দায়িত্ব তারা সফলভাবে পালন করবে বলে আমরা বিশ্বাস করি।
মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশের নেতা ও ডায়নামিক লিডার তারেক রহমানের নেতৃত্বে যুবদলের নতুন নেতৃত্ব সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবে।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.