
সংবাদের আলো ডেস্ক: চীনে সফররত বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে চীনের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইউনান প্রদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দু'পক্ষ একমত হয়েছে।
শুক্রবার (১২ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে দু'পক্ষের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, অন্য সদস্যরা হলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, আখতার হোসেন, খালেদ মাহমুদ শ্যামল, সুলতানা জেসমিন ও চায়নাস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।
অন্যদিকে চায়নার পক্ষে নেতৃত্ব দেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ( ইউনান সংসদের স্পিকার) ও কমিউনিস্ট পার্টি অব ইউনান প্রদেশের সাধারণ সম্পাদক মি. ওয়াং নিং, তার সঙ্গে ছিলেন ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য মি. ওয়াং শেনজিং, এছাড়াও ইউনান প্রদেশের ভাইস গভর্নর মি. লিউ ইয়াং, পররাষ্ট্র মন্ত্রণালয় মহাপরিচালক ইয়ং শাওচেং, শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. লি বিনজে, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. লি চাউইয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. শি জানবিন।
উক্ত বৈঠকে ইউনান প্রদেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে দু'পক্ষ একমত হয়েছে। বিশেষ করে, স্বাস্থ্য, বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ, রোড ক্যানেকটিভিটি কিভাবে আরও বৃদ্ধি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বাংলাদেশে স্বাস্থ্য খাতে কিভাবে আরও বিনিয়োগ বৃদ্ধি করা যায় সে বিষয়ে জোর দেওয়া হয়েছে। ভবিষ্যতে দুই দেশের প্রতিনিধিদের আদান প্রদানের বিষয়ে ঐকমত্য হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.