
সংবাদের আলো ডেস্ক: বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১০ জুন) সংসদ অধিবেশনে ঢাকা-১৪ আসনের জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সরকার দলীয় নারী এমপিদের বিরোধী দলের এমপিদের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড তদারকি এবং জিও লেটার ইস্যুর দায়িত্ব দেওয়া হয়েছে। এই তথ্য থেকে আমাদের মনে হচ্ছে, তাদেরকে এই কাজ কি এইজন্য দেওয়া হচ্ছে, যাতে আমরা যারা বিরোধীদলীয় এমপি আছি, আমাদের এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের কোনো হাত থাকবে ননা?
জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, আপনি বোধহয় জানেন, আমাদের বা আপনাদের দল থেকে যেসব নারী সদস্যকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে, সংবিধানে বা আইনে নির্দিষ্টভাবে তাদের কোনো আসন নেই। খুব স্বাভাবিকভাবে আমাদের যে রাজনৈতিক বা সাংগঠনিক কাঠামো আছে, তার ভিত্তিতে আমরা দলীয় অবস্থান থেকে তাদের জন্য কিছু জায়গা নির্দিষ্ট করেছি যে তারা কোথায় কোথায় কাজ করবে।
সরকারপ্রধান এ নিয়ে আরও বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার নির্বাচনী এলাকায় আপনার সম্পূর্ণ হক আছে যে আপনি আপনার এলাকার উন্নয়নের ব্যাপারে কীভাবে ভূমিকা রাখতে চান। কিন্তু যেহেতু এই সংসদ এই নারী নেতৃবৃন্দকে নির্বাচিত করেছে, সেহেতু খুব স্বাভাবিকভাবেই তাদেরও একইরকমভাবে হক আছে। সরকারের নিয়ম অনুযায়ী আমরা খুব স্বাভাবিকভাবে এগোচ্ছি।
বিরোধী দলের এমপিদের এলাকার উন্নয়নে যদি কোনো সহযোগিতা লাগে, তা জানাতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেক্ষেত্রে সরাসরি সহযোগিতার চেষ্টা করবেন বলে আশ্বাস্ত করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.