মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক

সংবাদের আলো ডেস্ক: শেরপুরে আর্জেন্টিনা সমর্থক শিবু প্রকাশ্যে দল বদলের ঘোষণা দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল শিবিরে যোগ দিয়েছেন।

সোমবার (৮ জুন) রাতে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকার সজনের ছাদে এ অভিনব আয়োজন অনুষ্ঠিত হয়।

এ সময় ব্রাজিলের বেশ কয়েকজন সমর্থক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মেহের খান অপু, আব্দুল্লাহ আল নাইম, রায়হান ইসলাম রাব্বী ও জাকির হোসেন।

আয়োজকরা জানান, প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা ১০ লিটার দুধ দিয়ে গোসলের মাধ্যমে শিবুর দলবদলকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়। পরে উপস্থিত ব্রাজিল সমর্থকরা তাকে স্বাগত জানান।

দল পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে শিবু বলেন, ‘আমি দীর্ঘদিন শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেছি। কিন্তু এখন মনে হচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। বর্তমান আর্জেন্টিনা দলেও আগের মতো তারকাখচিত খেলোয়াড় নেই। তাই দলটির ওপর আগের মতো ভরসা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সবসময়ই আমার ভালো লাগে। নেইমারও আমার প্রিয় খেলোয়াড়দের একজন। এসব কারণেই আমি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি‘’

চাপাতলি এলাকার ব্রাজিল সমর্থক আলিম জানান, শিবু দীর্ঘদিন ধরে মূলত লিওনেল মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছিলেন। তবে এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে বলে তিনি মনে করছেন।

ব্রাজিল সমর্থক জাকির হোসেন বলেন, শিবুর এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের মধ্যে এমন পরিবর্তন অস্বাভাবিক নয়। তিনি এখন আমাদের ব্রাজিল শিবিরের অংশ, আমরা তাকে সাথে নিয়ে ব্রাজিলের সাফল্য কামনা করি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়