
সংবাদের আলো ডেস্ক: ইতালিতে অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
তিনি ফেসবুক পোস্টে লেখেন, 'আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।'
সারজিস আরও লেখেন,'যারা আপনাকে আক্রমণ করেছে তাদেরকে আপনি 'বাঙালি ভাই' হিসেবে সম্বোধন করেছেন। তারা যতটা না বাঙালি ভাই তার চেয়ে বেশি খুনিদের দালাল, বিবেকবোধ বিক্রি করে দেওয়া এক একটা নরপশু।
খুনি হাসিনা যদি ওই চৌদ্দশ' মানুষের মতো তাদের সন্তানদের ভাইদের খুন করতো, তারপরও তারা খুনি হাসিনার দালালি করত, পা চাটতো। এদের শুধু মানুষের মতো একটা দেহ আছে, মনুষ্যত্ব পঁচে গিয়েছে। এদের থেকে আপনি এর চেয়ে বেশি কিছু আশা করবেন না।'
শেষে তিনি বাঁধনকে লেখেন, 'এসবের জন্য বিন্দুমাত্র কষ্ট পাবেন না। নরপশুদের থেকে এর চেয়ে ভালো আর কি প্রত্যাশা করা যায়? আমরা সবাই আপনার সাথে আছি। পুরো বাংলাদেশ আপনার সাথে। উই আর প্রাউড অফ ইউ'।
উল্লেখ্য, সোমবার (৭ সেপ্টেম্বর) ইতালিতে হেনস্থা ও পরে হামলার শিকার হন বাঁধন। ভিডিওতে দেখা যায়, রাতে ইতালির রাস্তায় কয়েকজন বাঙালি যুবক তার ওপর চড়াও হয়। তার দিকে পানি ছুঁড়ে মারে। একজন মারতেও উদ্যত হয়।
এ ঘটনার পর বাঁধন ফেসবুক লাইভে এলে তার চোখে মুখে ব্যাপক আতঙ্ক দেখা যায়। তিনি পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। সে সময় আঘাতে তার মুখ ফোলা ছিল।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.