
আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
উপজেলা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আলফাডাঙ্গা পৌর সদর বাজারের প্রধান প্রধান সড়ক ও লোকাল বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা অভিযুক্ত এনসিপি নেতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর বক্তব্যের তীব্র নিন্দা জানান।
মিছিল শেষে পৌর সদর বাজার চৌরাস্তায় একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর জামাল খসরু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে কোনো ধরনের কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এবং তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অনতিবিলম্বে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। অন্যথায় রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন স্থানীয় বিএনপি নেতারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজল, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মুসা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজসহ স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.