
সংবাদের আলো ডেস্ক: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মউলুদা (৪৫) নামে এক নারী সিএনজি যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) দুপুরে বিরামপুর পৌর শহরের মির্জাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। অন্যদিকে, ঘাতক যাত্রীবাহী বাস দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহত মউলুদা জেলার পার্বতীপুর উপজেলার পূর্ব রসুলপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরামপুর থেকে সিএনজিটি হিলি যাওয়ার পথে মহাসড়কের মির্জাপুর মোড় এলাকায় পৌঁছালে ঘোড়াঘাট থেকে আগত দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস সিএনজিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন মউলুদা। পরে স্থানীয়রা তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়। তারপর হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.