
সংবাদের আলো ডেস্ক: যানজট-দুর্ঘটনা কমাতে হেলিপ্যাড থেকে আমিনমোড় পর্যন্ত বাইপাস নির্মাণের জোর দাবিউলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের দীর্ঘদিনের যানজট, সড়ক দুর্ঘটনা ও জনদুর্ভোগ নিরসনে হেলিপ্যাড থেকে আমিনমোড় পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন, র্যালি এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।বৃহস্পতিবার (৪ জুন) সকালে উলিপুর বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে গুনাইগাছ মোড় থেকে একটি র্যালি বের হয়ে শহরের মসজিদুল হুদার সামনে আয়োজিত সমাবেশে অংশগ্রহণকারীরা উলিপুর শহরের চলমান যানজট ও জনদুর্ভোগের বিভিন্ন দিক তুলে ধরেন।
সমাবেশ শেষে র্যালিটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।তরুণ সমাজসেবক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল হালিম, রেজওয়ানুল ইসলাম, হামিদুল ইসলাম, খায়রুজ্জামান ও আব্দুল ওয়াদুদ। এ সময় স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, চিলমারী নৌবন্দর, রমনা রেলস্টেশন, তিস্তা সেতু এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সেতুকে কেন্দ্র করে উলিপুর বর্তমানে উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক, ট্রলি ও ভারী যানবাহন পৌর শহরের ভেতর দিয়ে চলাচল করায় শহরের প্রধান সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উলিপুর পৌর শহরের সড়কগুলো তুলনামূলকভাবে সরু ও অপরিকল্পিত হওয়ায় যানবাহনের বাড়তি চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে এবং শহরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
যানজটের কারণে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের যানবাহন অনেক সময় সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় জননিরাপত্তা ও জরুরি সেবার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি হচ্ছে।বক্তারা আরও বলেন, হেলিপ্যাড থেকে আমিনমোড় পর্যন্ত প্রস্তাবিত বাইপাস সড়ক নির্মাণ করা হলে ভারী যানবাহন শহরের বাইরে দিয়ে চলাচল করতে পারবে। এতে পৌর শহরের যানজট উল্লেখযোগ্যভাবে কমবে, সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে, ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে। একই সঙ্গে উলিপুরের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।সমাবেশ থেকে উলিপুর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। স্মারকলিপিতে প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ, নকশা প্রণয়ন এবং বিশেষ বাজেট বরাদ্দ নিশ্চিত করে দ্রুত নির্মাণকাজ শুরুর আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি প্রকল্পটি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।স্মারকলিপির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের আশা, জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়িত হলে উলিপুর পৌর শহরের দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগের অবসান ঘটবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.