
সংবাদের আলো ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় একটি পুকুর থেকে ওমর ফারুক (৩৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের সরকার বাড়ি সংলগ্ন সড়কের পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওমর ফারুক (৩৫) টাঙ্গাইলের মধুপুর উপজেলার ধিরাটি গ্রামের হেমন্ত মারাকের ছেলে। তিনি কয়েক বছর আগে খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
স্থানীয়রা জানান, সোমবার সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.