
সংবাদের আলো ডেস্ক: বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া সরকার এবং আগামী সেপ্টেম্বর থেকেই শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পাশাপাশি বিনা খরচে আরও ১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেওয়ার কথা জানিয়েছে দেশটি।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি।
বৈঠকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নেওয়ার পাশাপাশি সড়ক নির্মাণে মালয়েশিয়ার প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্তের কথাও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সড়ক টেকসই করতে মালয়েশিয়ায় রাবার মিশ্রিত বিটুমিন ব্যবহার করা হয়। সেই প্রযুক্তি বাংলাদেশে সড়ক নির্মাণে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে মালয়েশিয়া।
এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতেও বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
এদিকে, রাজধানীর প্রধান সড়কে রিকশা চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ বিষয়ে ইতোমধ্যে আইন হয়েছে এবং শিগগিরই বিধিমালা চূড়ান্ত হবে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, রাজধানীতে চলাচলের জন্য দুই ও চার সিটের ই-রিকশা নিবন্ধনের আওতায় আনা হবে। তবে ছয় সিটের ই-রিকশা ঢাকায় চলতে পারবে না এবং এগুলো নিবন্ধনের আওতায়ও আনা হবে না। এসব ই-রিকশা রাজধানীর বাইরে বিভিন্ন শহরাঞ্চলে নিবন্ধনের সুযোগ পাবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.