
শেরপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে শেরপুরে এতিম শিশুদের নিয়ে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী মেহেদী উৎসব। এর পাশাপাশি শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয়েছে, যা তাদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে জেলা শহরের চাপাতলী সরকারি বালিকা শিশু পরিবার প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা স্নেহভরে ৮০ জন এতিম শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেন। পরে তাদের মাঝে ঈদের উপহার হিসেবে বিভিন্ন প্রসাধনী সামগ্রী তুলে দেওয়া হয়। এ আয়োজনে শিশুদের মধ্যে দেখা যায় উৎসবমুখর আনন্দের ছোঁয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ও সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া। তিনি বলেন, করোনাকাল থেকে রক্তসৈনিক বাংলাদেশের উদ্যোগে প্রতিবছর এতিম শিশুদের নিয়ে এই মেহেদী উৎসব আয়োজন করা হচ্ছে। এসব শিশুদের মুখে হাসি ফোটাতে পারা আমাদের জন্যও বড় আনন্দ। সমাজের সবাই যদি সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ায়, তাহলে তাদের জীবন আরও সুন্দর হয়ে উঠবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আল-আমিন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা রফিক মজিদ, উপদেষ্টা মন্ডলী সদস্য আবুল কালাম আজাদ, তাহমিনা আক্তার জলি, সমাজকর্মী মামুনুর রশীদ প্রমুখ। উল্লেখ্য, ঈদের আগে এমন ভালোবাসার আয়োজন পেয়ে এতিম শিশুরা ভীষণ আনন্দিত হয়ে ওঠে। যা তাদের ঈদের আনন্দকে করে তোলে আরও রঙিন ও স্মরণীয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.