
পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পূবাইল থানা এলাকায় পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে বিলাস মজুমদার (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ।
রবিবার (২৪ মে) দুপুরে পূবাইল থানার মিরের বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিলাস মজুমদার কালীগঞ্জ উপজেলার বান্দাখলা এলাকার হরিদাস মজুমদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) এহতেশাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে বিলাস মজুমদারকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে পূবাইল থানায় মামলা নং-১২(০৫)২৬, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা দায়ের করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তি একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় ডাকাতি, দস্যুতা, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
এছাড়া আসামির বিরুদ্ধে পূর্বেও জিএমপির টঙ্গী পূর্ব থানায় এফআইআর নং-৩৭, জিআর নং-৮৭, তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোডে একটি মামলা রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০২৫ সালের আগস্ট মাসে মাদকসহ স্থানীয় জনতার হাতে আটক হন বিলাস মজুমদার। তবে সে সময় প্রভাবশালী একটি মহলের সহযোগিতায় তিনি আইনি ব্যবস্থা এড়িয়ে যান বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, বিলাস মজুমদার দীর্ঘদিন ধরে এলাকায় চিহ্নিত মাদক কারবারি এবং একটি সংঘবদ্ধ ডাকাত দলের অন্যতম সদস্য হিসেবে পরিচিত।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, বিলাস মজুমদারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান তিনি।
এ ঘটনায় পূবাইল থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.