
সংবাদের আলো ডেস্ক: মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক কলেজছাত্রীর গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণের সময় নূর মোহাম্মদ (২০) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজদিখান থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটক নূর মোহাম্মদ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মাঝগাঁও গ্রামের মো. সাইদুলের ছেলে। তিনি পেশায় রিকশাচালক বলে জানিয়েছে পুলিশ।
সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ মাসুম জানান, নিচতলা বাড়ির একটি বাথরুমে গোসল করছিলেন ওই কলেজছাত্রী। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় নূর মোহাম্মদ ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি টের পেয়ে ওই ছাত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে নূর মোহাম্মদকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.