
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে আধুনিক সরঞ্জাম, অভিজ্ঞ চিকিৎসক ও দক্ষ টেকনিশিয়ানদের মাধ্যমে মানসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে বেলকুচি মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ আগষ্ট) সকালে মুকুন্দগাঁতী বাসট্যান্ড এলাকায় বেলকুচি মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

এসময় আমিরুল ইসলাম খান আলীম বক্তব্যে বলেন, ডা. শরীফ আহমেদের এ উদ্যোগকে স্বাগতম জানাই। তিনি হয় তো অন্য কোনো প্রতিষ্ঠান চালু করতে পারতো। কিন্তু আমাদের এলাকায় অত্যাধুনিক হাসপাতালের খুবই প্রয়োজন ছিলো। এই হাসপাতালের কারনে প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। তিনি আরো বলেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের রোগীদের প্রতি আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা দেওয়ার আহ্বান জানান। সেবার মান বজায় রাখা, রোগীদের সঙ্গে ভালো আচরণ এবং চিকিৎসাসেবায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।
বেলকুচি মা ও শিশু জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. শরীফ আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রমানিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রমানিক, মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইঁয়া, বেলকুচি কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি অমৃত নারায়ণ দে, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা।
হাসপাতালের চেয়ারম্যান ডা. শরীফ আহমেদ জানান, আধুনিক সরঞ্জামাদি, অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ টেকনিশিয়ান দ্বারা পরিচালিত হবে বেলকুচি মা ও শিশু জেনারেল হাসপাতাল। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই হাসপাতালটি নতুন আঙ্গিকে শুরু করা হয়েছে। মা ও শিশুদের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসা সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.