
সংবাদের আলো ডেস্ক: নেপাল ও চীনের সীমান্তে ভয়াবহ বন্যায় প্রাণহানি, নিখোঁজ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
বন্যায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এক বার্তায় গুতেরেস বলেন, ভয়াবহ বন্যায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, অনেকে নিখোঁজ রয়েছেন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে; এ ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত।
ক্ষতিগ্রস্ত সবার প্রতি সংহতি জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, নেপাল সরকারের নেতৃত্বে চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে জাতিসংঘের বিভিন্ন দল ও অংশীদাররা সরঞ্জাম ও জনবল পাঠানোর উদ্যোগ নিয়েছে।
এর আগে নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে। নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ মানুষ। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক, নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।
রাসুয়া জেলার তিমুরে বাজারে প্রথম আঘাত হানে বন্যার স্রোত। উজান থেকে ধেয়ে আসা বিশাল পানির ঢেউ প্রায় ১০০ মিটার উঁচু মনে হচ্ছিল এবং চোখের সামনে বাজারটি নিশ্চিহ্ন হয়ে যায়। সীমান্তের কাস্টমস চেকপোস্টে অপেক্ষমাণ ৩০০টির বেশি গাড়ি ও ট্রাক বন্যার পানিতে ভেসে যায়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.