
সংবাদের আলো ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে কাতার। এরই অংশ হিসেবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও আলোচনা শুরুর উদ্যোগ নিয়ে আজ বৃহস্পতিবার তেহরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি।
ইরান-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলও বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।কাতার চাইছে, উত্তেজনা কমিয়ে সংলাপের পরিবেশ তৈরি করতে এবং গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে।
এর আগে কাতার ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে নতুন এই সফর থেকে সরাসরি কোনো চুক্তি না হলেও, স্থবির কূটনৈতিক প্রক্রিয়া আবার সচল হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে হরমুজ প্রণালি, নিষেধাজ্ঞা ও নিরাপত্তা ইস্যুতে দুই পক্ষের অবস্থান এখনো অনেকটাই ভিন্ন।
বুধবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আবার আলোচনা শুরু করার বিষয়ে তিনি ‘তাড়াহুড়ো করছেন না’।
ট্রাম্পের দাবি, ‘ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক—দুই ধরনের চাপই কার্যকর হচ্ছে।’ তিনি আরও জানান, আলোচনার জন্য তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই—‘যত সময়ই লাগুক’ তিনি অপেক্ষা করবেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.