
সংবাদের আলো ডেস্ক: গ্রিসের ক্রিট দ্বীপের কাছে দুটি নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার দক্ষিণ ক্রিটের কালাই লিমেনেস বন্দরের কাছে তাদের উদ্ধার করা হয়।
গ্রিক কোস্টগার্ডের এক প্রেস কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি ড্রোন সমুদ্রে নৌকা দুটির অবস্থান শনাক্ত করে। পরে সেখানে অভিযান চালিয়ে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত ২জন নারী ও ২জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকও রয়েছেন।
এর আগে গ্রিসের সরকারি সংবাদ সংস্থা এএনএ ৮৫ জন অভিবাসনপ্রত্যাশী উদ্ধারের কথা জানিয়েছিল। পরে কোস্টগার্ডের পক্ষ থেকে সংখ্যা ৭৯ জন বলে নিশ্চিত করা হয়।
ক্রিট ও এর কাছাকাছি গাভদোস দ্বীপ গ্রিসে আশ্রয়প্রত্যাশীদের প্রবেশের অন্যতম প্রধান পথ হয়ে উঠেছে। গাভদোস লিবিয়ার উপকূল থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত।
এএনএ জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের আগমন কমেছে। দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগস্ট ২০২৫ পর্যন্ত এক বছরে প্রায় ৬১ হাজার অভিবাসনপ্রত্যাশী গ্রিসে প্রবেশ করেছিলেন। পরবর্তী ১২ মাসে এ সংখ্যা কমে প্রায় ৪২ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ আগমন কমেছে প্রায় ৩১ শতাংশ।
ইউরোপের বিভিন্ন দেশে ডানপন্থি ও অভিবাসনবিরোধী রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা বাড়ায় সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন নীতি আরও কঠোর করা হয়েছে। অনিয়মিত অভিবাসন কমাতে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার মতো ট্রানজিট দেশগুলোর সঙ্গেও সহযোগিতা করছে।
গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস দেশটিতে আগত অভিবাসনপ্রত্যাশীদের বিষয়ে কঠোর নীতি অনুসরণ করছেন। একই সঙ্গে অভিবাসনপ্রত্যাশীদের আবেদন প্রক্রিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়ে জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করছে গ্রিস।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.