
সংবাদের আলো ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিরোধীদল হোক, আওয়ামী লীগ বা যে দলই হোক- অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে না থাকে, আটক না থাকে, সেটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে।
মঙ্গলবার ( ২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত প্রতিবেদনের জবাবে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে যে ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বাংলাদেশে সেটি আগে কখনো হয়নি। যার বড় ভুক্তভোগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার নেতাকর্মীরা। আমরা কখনোই চাইব না যে, বর্তমানে বা ভবিষ্যতে আমাদের গত ফ্যাসিস্ট আমলটা ফেরত আসুক। আমরা চাই সবার মানবাধিকার অন্তত মিনিমাম মানবাধিকার যেন প্রত্যেকটি নাগরিককে নিশ্চিত করা হয়।
তিনি বলেন, জুলাই-আগস্টে যে ঘটনাটা ঘটেছে, যে অভ্যুত্থান হয়েছে; সেই অভ্যুত্থানের পরে অনেক মামলা হয়েছে। যেসব মামলাগুলো লিগ্যাল, যেগুলো হওয়া উচিত ছিল, খুনিদের নামে মামলা হয়েছে, যারা গুম-খুনের অর্ডার দিয়েছে তাদের নামে মামলা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আবার অনেক মামলা অতি উৎসাহী হয়েও অনেকে কিছু মামলা করেছে। সেই মামলাগুলোও কিন্তু আইন মন্ত্রণালয় বলেছে, তারা রিভিউ করবে। মামলাগুলো যদি তারা রিভিউ করে, তারা যদি মামলাগুলোর মধ্যে কোনো সত্যতা না পায়; কোনো বেসিস না থাকে, সেই মামলাগুলো তারা রিভিউ করে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে।
শামা ওবায়েদ বলেন, আমাদের সরকারের স্ট্যান্ড হচ্ছে যে, আমরা মানবাধিকার রক্ষায় সচেষ্ট আছি, আমরা দায়বদ্ধ জনগণের কাছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.