
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে নারী দুগ্ধ খামারিদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“দক্ষ নারী শক্তি, খামারের উন্নতি” স্লোগানকে সামনে রেখে সোমবার (১৮ মে) সকাল ১১টায় উপজেলার সামস কনভেনশন হলে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। এতে পাবনা সদর, আটঘরিয়া, চাটমোহর এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার প্রায় ১০০ জন নারী দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে নারীর ক্ষমতায়ন, দুগ্ধ খামারে নারীর অংশগ্রহণের সম্ভাবনা, সুযোগ ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ সংগ্রহ নিশ্চিত করতে অংশগ্রহণকারী প্রতিটি নারী খামারিকে বিনামূল্যে একটি করে মিল্ক নেট (দুধ ছাঁকনি) প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. উম্মে আরেফিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এস এম আসলাম হোসেন এবং ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের ভেটেরিনারি সার্জন ডা. এএসএম সায়েম আহমেদ বাঁধন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলাম এবং সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মো. এমদাদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. স্বপন কুমার সরকার বলেন, ব্র্যাক প্রতিষ্ঠালগ্ন থেকেই নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নারী দুগ্ধ খামারিদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তাদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের দুগ্ধ শিল্পকে আরও সমৃদ্ধ করবে।
বক্তারা জানান, বর্তমানে দুগ্ধ খামারে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। টেকসই দুগ্ধ শিল্প গড়ে তুলতে নারী খামারিদের দক্ষতা বাড়ানো জরুরি। ভবিষ্যতেও নারী উদ্যোক্তা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন আয়োজকরা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কর্মশালাকে সময়োপযোগী ও বাস্তবধর্মী উল্লেখ করে ব্র্যাক ডেইরির উদ্যোগের প্রশংসা করেন। একইসঙ্গে তারা নিয়মিত দুধ সরবরাহে ব্র্যাক ডেইরির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.