
সংবাদের আলো ডেস্ক: একটি সন্তান জন্মের সময় পরিবারে আনন্দ-উৎসব হয়। সেই সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে যদি তার নামে একটি গাছ লাগানো হয়, তাহলে সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছটিও বড় হবে। এভাবে মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার সচেতনতা গড়ে তুলতে হবে। নেত্রকোনার কলমাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার কলমাকান্দা-পাঁচগাঁও সড়কের পাশে পূবালী ব্যাংকের উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণের উদ্বোধনের সময় এ সব কথা বলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
পূবালী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক প্রতীমা রানী বনিক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রুক্কুল আমিন, নেত্রকোনা শাখা ব্যবস্থাপক আমিনুর রহমান ও কলমাকান্দা শাখা ব্যবস্থাপক সুব্রত ভৌমিকসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আরো বলেন, দেশের পরিবেশ রক্ষায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, স্থানীয় মানুষকেও এসব গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রের পক্ষে সবকিছু করে দেওয়া সম্ভব নয়; এজন্য নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।
নেত্রকোনায় বনভূমির পরিমাণ কম উল্লেখ করে তিনি বলেন, জেলার পরিবেশ রক্ষায় আরও বেশি করে বৃক্ষরোপণ প্রয়োজন। এ উদ্যোগ অব্যাহত রাখতে পূবালী ব্যাংকসহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় কলমাকান্দা ও দুর্গাপুরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সুপেয় পানির ব্যবস্থা, বেকার যুবকদের প্রশিক্ষণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে পূবালী ব্যাংককে এগিয়ে আসার আহ্বান জানান ডেপুটি স্পিকার।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতা বাড়বে বলে প্রত্যাশা করেন আয়োজকরা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.