
মো. শাকিল আহমেদ, শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় জনগণের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্থাপন করা সোলার স্ট্রিট লাইটের অনেকগুলোই চুরি হয়ে গেছে। ফলে সন্ধ্যার পর গুরুত্বপূর্ণ সীমান্ত সড়ক ও আশপাশের এলাকা অন্ধকারে ডুবে যাচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা।
জানা গেছে, শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুড়ি বাজার থেকে মেঘাদল বাজার পর্যন্ত সড়কে ২০২০-২১ অর্থবছরে উপজেলা ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩১টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়। এতে ব্যয় হয় প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা। তবে স্থাপনের কিছুদিন পর থেকেই বিভিন্ন লাইট, সোলার প্যানেল ও খুঁটি চুরি বা নষ্ট হতে থাকে। বর্তমানে অধিকাংশ লাইটই অকার্যকর; মাত্র কয়েকটি লাইট চালু রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, লাইটগুলো চালু থাকাকালে রাতের বেলায় সীমান্ত সড়কে চলাচল অনেকটা নিরাপদ ছিল। কিন্তু বর্তমানে অধিকাংশ লাইট না থাকায় সন্ধ্যার পর সড়কটি অন্ধকার হয়ে পড়ে। এতে পথচারী, শিক্ষার্থী, নারী ও বয়স্কদের চলাচলে দুর্ভোগের পাশাপাশি চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের আশঙ্কাও তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থে স্থাপন করা এসব গুরুত্বপূর্ণ স্থাপনা চুরি হয়ে গেলেও দীর্ঘদিন ধরে কার্যকর নজরদারি ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ দেখা যায়নি। তারা দ্রুত চুরি হওয়া সোলার লাইট পুনঃস্থাপন এবং সরকারি সম্পদ চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সীমান্ত এলাকার নিরাপত্তা ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে দ্রুত সোলার স্ট্রিট লাইটগুলো পুনঃস্থাপনের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি স্থানীয়দের।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.