
সংবাদের আলো ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে এক শিক্ষার্থীর ওপর ছররা (পেলেট) গুলি ছোড়ার অভিযোগে শেষ পর্যন্ত এফআইআর করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সংসদ ভবনসংলগ্ন পার্লামেন্ট স্ট্রিট থানায় কংগ্রেস নেতা ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর টানা ছয় ঘণ্টার বেশি অবস্থানের পর এ মামলা নেওয়া হয়। খবর হিন্দুস্তান টাইমসের।
অভিযোগকারী শিক্ষার্থী সাহিল লোচাভের দাবি, গত ২০ জুলাই যন্তর মন্তরে একটি বিক্ষোভ চলাকালে পেলেট গানে তিনি আহত হন। কংগ্রেসের অভিযোগ, লিখিত অভিযোগ নিয়ে পুলিশের কাছে গেলেও এর আগে মামলা নিতে অস্বীকৃতি জানানো হয়েছিল।
পুলিশের এমন অবস্থানের প্রতিবাদে শুক্রবার সাহিলকে সঙ্গে নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় যান রাহুল গান্ধী। পরে থানার ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) কার্যালয়ের সামনে অবস্থানে বসেন তিনি। রাহুলের দাবি ছিল, ঘটনাটি আমলযোগ্য অপরাধ হওয়ায় অবিলম্বে এফআইআর নথিভুক্ত করতে হবে।
ছয় ঘণ্টার বেশি সময় অবস্থানের পর সাহিল লোচাভের অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে দিল্লি পুলিশ। এফআইআর হওয়ার পর গণমাধ্যমের সামনে এর কপি দেখান রাহুল গান্ধী ও সাহিল। এরপর অবস্থান কর্মসূচি শেষ করেন রাহুল।
তবে অভিযোগ ও মামলা দায়েরের পরিস্থিতি নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি দিল্লি পুলিশ।
এদিকে, গত ২০ জুলাইয়ের বিক্ষোভে পুলিশের পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে ভারতে তীব্র বিতর্ক চলছে। পুলিশ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করলেও, পার্লামেন্ট স্ট্রিট থানার ডেইলি ডায়েরির বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাপিড অ্যাকশন ফোর্সের (র্যাফ) সদস্যরা অ্যান্টি-রায়ট গান থেকে দুই রাউন্ড এবং দুই রাউন্ড প্লাস্টিক পেলেট ব্যবহার করেছিলেন।
শিক্ষার্থীদের ওপর পেলেট ব্যবহারের অভিযোগ ও পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিও উঠেছে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি আর সুভাষ রেড্ডির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।
ওই কমিটি বিক্ষোভ নিয়ন্ত্রণে পেলেট গান, বৈদ্যুতিক ব্যাটন, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগসহ পুলিশের ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.