
সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে দেশেটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ তিন দিনের সফরে আজ মঙ্গলবার (৫ মে) ঢাকায় আসছেন। তার এই সফরের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সই হওয়া বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করা।
সোমবার (৪ মে) ঢাকার মার্কিন দূতাবাস এক মিডিয়া নোটে এ তথ্য জানানো হয়েছে।
গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর ওয়াশিংটনের পক্ষ থেকে এটিই কোনো বাণিজ্য প্রতিনিধির প্রথম ঢাকা সফর।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুই দেশের মধ্যে বাণিজ্য সংলাপ জোরদারের লক্ষ্যেই ব্রেন্ডান লিঞ্চ ঢাকায় আসছেন। সফরে ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)’ বা পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়ন, বিশেষ করে আমদানি-রপ্তানি ঘাটতি কমানো, বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন কৃষি ও জ্বালানি পণ্য আমদানির প্রতিশ্রুতি এবং চুক্তির নীতিগত সিদ্ধান্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ব্রেন্ডান লিঞ্চের ঢাকা সফরে মূল বৈঠকটি হবে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে। তিনি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
ব্রেন্ডান লিঞ্চের সফর নিয়ে সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পারস্পরিক বাণিজ্য চুক্তি (এআরটি) হয়েছে, সেটি নিয়েই মূলত কথা হবে। চুক্তির বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র সামনে এগোতে চায়।
মূলত এই চুক্তি সইয়ের পর এর ফলোআপ এবং অগ্রগতির পর্যালোচনা এই সফরের মূল লক্ষ্য।’সরকারের আরেক কর্মকর্তা চুক্তির বিস্তারিত তথ্য উল্লেখ করে বলেন, ‘বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩৫০ কোটি ডলারের কৃষিপণ্য (গম, সয়াবিন, তুলা ও ভুট্টা) কেনার প্রতিশ্রুতি দিয়েছে।
এছাড়া, আগামী ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের ১ হাজার ৫০০ কোটি ডলারের জ্বালানিপণ্য আমদানির প্রতিশ্রুতি রয়েছে। চুক্তির এমন বহু বিষয় এই আলোচনায় স্থান পাবে।’
মার্কিন দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করতে ৫-৭ মে ঢাকা সফর করবেন।
এতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্যচুক্তি বাস্তবায়নে অংশীদারি প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এই চুক্তির ফলে উভয় দেশের পণ্যের বাজারে প্রবেশাধিকার সহজ হবে। সেই সঙ্গে বিনিয়োগের বাধা দূর করে বাণিজ্যিক সুযোগ বৃদ্ধি করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আনবে।
দূতাবাস আরও জানায়, এই সফর দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.