
সংবাদের আলো ডেস্ক: গ্রামীণ জনপদ উন্নত হলে দেশ উন্নত হবে, এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, গ্রামীণ জনপদকে উন্নয়নের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সোমবার (৪ মে) সকালে নাটোরের বাগাতিপাড়ায় দুটি খাল খনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এই খালকে কেন্দ্র করে ভবিষ্যতে এ অঞ্চলে আর পানির অভাব হবে না। দেশ যদি মাছ চাষ ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়, তবে কাউকে কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না।
নারীদের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, সারাদেশে প্রায় লক্ষাধিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যার ৮০ শতাংশই বরাদ্দ থাকবে নারীদের জন্য। নারীদের স্বাবলম্বী করতে সব ধরনের প্রয়োজনীয় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.