
সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে যুক্ত হলো নতুন এক গৌরবগাথা। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়ায় উঠেছেন পর্বতারোহী বাবর আলী। শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার (২৭ হাজার ৮৩৮ ফুট) উচ্চতার এই দুর্গম শৃঙ্গ জয় করেন তিনি।
টানা প্রায় সাড়ে আট ঘণ্টার কঠিন আরোহণ শেষে মাকালুর চূড়ায় বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড়ান বাবর। এর মাধ্যমে বিশ্বের ১৪টি আট-হাজারি পর্বতের মধ্যে পাঁচটি জয় করা প্রথম ও একমাত্র বাংলাদেশি পর্বতারোহীর কীর্তিও গড়লেন তিনি। তার সঙ্গে শিখরে ছিলেন শেরপা আং কামি।
অভিযান-সংশ্লিষ্টরা জানিয়েছেন, চূড়ায় সফলভাবে পৌঁছানোর খবর নিশ্চিত হলেও এখনো বেসক্যাম্পে ফেরার পথে রয়েছেন বাবর আলী। পর্বতারোহণে শীর্ষ জয় যতটা কঠিন, নিরাপদে নিচে নেমে আসাও ততটাই ঝুঁকিপূর্ণ। তাই তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন সহযাত্রীরা।
নেপালের মহালঙ্গুর হিমালয় অঞ্চলে অবস্থিত মাউন্ট মাকালু পর্বতারোহীদের কাছে ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামে পরিচিত। পিরামিড আকৃতির সূচালো এই পর্বতের আশপাশে বড় কোনো পর্বত না থাকায় প্রবল বাতাসে বরফ সরে গিয়ে অনেক সময় চূড়ার কালো পাথুরে অংশ দৃশ্যমান হয়ে ওঠে। সেখান থেকেই ‘মাকালু’ নামের উৎপত্তি বলে ধারণা করা হয়। বাবর আলীর এবারের অভিযানের নাম ছিল ‘এক্সপেডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’।
গত ৭ এপ্রিল নেপালে পৌঁছে মাকালু অভিযানের প্রস্তুতি শুরু করেন বাবর। এর আগে ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আমা দাবালাম জয় করেন। পরে ২০২৪ সালে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ লোৎসে আরোহণ করেন। ২০২৫ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ জয় করেন এবং একই বছরের সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই আরোহণ করেন বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু।
এই অভিযানের আয়োজন করেছে ভার্টিক্যাল ড্রিমার্স। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে স্যাম বন্ড, মাই হেলথ ও চন্দ্রবিন্দু প্রকাশনী।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.